প্রশাসন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা বলেছে সেটি বাস্তবায়নে আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এসময় অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ভোটারদের হুমকি ও নির্বাচনী অফিস ভাঙচুরের সাথে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে ফেনীর পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, গতকাল বেশকিছু স্থানে আমাদের নির্বাচনী অফিস রাতে ভাংচুর করা হয়েছে। ব্যানার ছিড়ে,বিলবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দেওয়া হচ্ছে। মোটবীর ইজ্জতপুরে নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। এগুলা বড় কোন ঘটনা না,কিন্তু ছোট ছোট ঘটনা বড় ঘটনায় রুপ নেয়। সে জন্য আমরা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করেছি।
তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। বিএনপির ব্যানার, ফেস্টুন থাকলেও সেগুলোর বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের লোভ দেখাচ্ছে। তাদের ব্যানার থাকলেও প্রশাসন তাদের বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। তাদের ক্যারাভান চললেও আমাদের জরিমানা করা হয়েছে, অভিযোগ দেওয়ার পর টাকা ফেরত দিলেও বিএনপির ক্যারাভানের কথা জানানোর পর আমাদের ও অনুমতি দিয়েছে। টাকা ফেরত পেলেও এতে আমি আর্থিক এবং সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সুনাম ক্ষুন্ন হয়েছে।
তিনি আরও বলেন,লেভেল প্লেয়িং ফিল্ড যেটা প্রশাসন নিশ্চিত করবেন বলেছেন কিন্তু সে জায়গায় আমরা অনেক ঘাটতি দেখতে পাচ্ছি। দুইটা-চারটা নির্বাচনী অফিস ভাংচুর করে লোকদেরকে ভয়ভীতি দেখালে নির্বাচনে অনুকুল পরিবেশ থাকবেনা, বরং সে দলের বিরুদ্ধে মানুষ আরো বেশি সোচ্চার হবে। আর সুষ্ঠু নির্বাচন হলে জনগণ অবশ্যই জবাব দিবে। এটা কি তারা ইচ্ছেকৃতভাবে করতেছেন? আমরা শুনতে পাচ্ছি যে পতিতদের অনেকে নাকি তাদের সাথে মিশে কাজ করছেন। এটা কি পতিতদের ষড়যন্ত্র কি না সেটাও আমরা বুঝতেছি না।
বিএনপি এসব কেন করছে সেটা তাদের কেন্দ্রীয় নির্দেশনা কিনা জানিনা। প্রশাসনের কাছে সুবিচার না পেলেও ভোটের মাঠে সেটির সুবিচার পাব। জনগণ প্রমাণ দেবে ব্যালটে। বালিগাও, কাজিরবাগ, মোটবীতে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে, ভাংচুর করা হচ্ছে।আমরা এসব থেকে প্রতিকার চাই। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, আমরা ধৈর্য ধরে আছি।
একইদিন দুপুরে তিনি ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়াও সকালে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোর বাজার, কে এম হাট বাজারে নির্বাচনি গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্য মঞ্জু বলেন, তিনি বলেন, দেশের মানুষ ৫৫ বছর ধরে রাজনীতির কোন পরিবর্তন দেখে নাই। সরকার আছে সরকার যায়,কিন্তু আমাদের দুঃখ দূর হয় না। এখনো আমাদের চাঁদাবাজি চলে। এখনো ফুটপাতে মানুষ ঘুরে বেড়ায়। এখনো সীমান্ত দিয়ে অবাধে মাদক আছে। এখনো আমাদের কোন না কোন বাড়িতে চুরি,ডাকাতি হয়। অর্থাৎ সরকার আছে সরকার যায়, কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। এসময় তিনি দেশের পরিবর্তনের জন্য ঈগল প্রতীকে ভোট এবং গণভোটে হ্যাঁ দেওয়ার আহবান জানান।
পুলিশ সুপারের সাথে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম,এবি পার্টি ফেনী জেলা সদস্য সচিব ফজলুল হক প্রমুখ।
এছাড়াও গণসংযোগকালে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, দক্ষিনাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভী,জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন ও শহর ছাত্রশিবির সেক্রেটারি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।