ঠাকুরগাঁওয়ে সরকারি গাছ কাটার অভিযোগে ব্যবসায়ী আটক, গাছ জব্দ
ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগে এক কাঠ ব্যবসায়ীকে জনতা আটক করেছে। পরে গ্রাম পুলিশ ঘটনাস্থল থেকে কাটা গাছ জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়াপুর ইউনিয়ন বোর্ড অফিস বাজার থেকে পূর্ব পাশে বুড়িরহাট বাজার পর্যন্ত পাকা রাস্তার পাশে থাকা সরকারি গাছ ভোরবেলায় কেটে নিচ্ছিলেন ব্যবসায়ী মোঃ কফিল উদ্দিন। এ সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন।
খবর পেয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানকে অবহিত করা হয়। পরবর্তীতে গ্রাম পুলিশ ঘটনাস্থলে এসে কাটা গাছগুলো জব্দ করে নিয়ে আসে।
অভিযোগ রয়েছে, এর আগেও মোঃ কফিল উদ্দিন একই রাস্তার সরকারি গাছ চোরাইভাবে ক্রয়-বিক্রয় করেছেন। স্থানীয়দের দাবি, পূর্বেও ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদে গাছ জব্দের ঘটনা ঘটেছিল। তবে সে সময় বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয়দের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। তারা সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে অভিযুক্ত মোঃ কফিল উদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।