সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিম (৩৬) কে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
আটককৃত আব্দুল হালিম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি এবং ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।