ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক অটোরিকশা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
মামলার বাদী সাগর মাতুব্বর (১৯), পিতা-মৃত হবি মাতুব্বর, সাং-জাঙ্গালপাশা, ইউনিয়ন-আজিমনগর, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে ভাঙ্গা থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, ২৭ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে সাগর মাতুব্বর তার অটোরিকশা নিয়ে মালিগ্রাম বাজার স্ট্যান্ডে যাত্রী নামানোর পর পুলিয়া যাওয়ার জন্য যাত্রী তুলেন। এ সময় মেহেদী আকন্দ (২৪), পিতা-মোস্তফা আকন্দ, সাং-পুলিয়া, তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ২ জন সহযোগীসহ অটোরিকশায় ওঠে।
পথিমধ্যে চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে পৌঁছালে আসামী মেহেদী আকন্দ তার কাছে থাকা একটি ধারালো চাকু বের করে বাদীর গলায় ধরে এবং অপর দুইজন ছোরা দিয়ে ভয়ভীতি দেখায়। এসময় তারা বাদীর কাছ থেকে নগদ ১,২৩৩ টাকা এবং একটি TECNO POP অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (মূল্য আনুমানিক ৬,০০০ টাকা) ছিনিয়ে নেয়।
পরবর্তীতে তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করলে বাদী চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
ঘটনার পর বাদী তার আত্মীয়দের নিয়ে আসামী মেহেদী আকন্দের বাড়িতে গেলে আসামীরা পুনরায় ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় বাদী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেহেদী আকন্দকে গ্রেফতার করে।
পুলিশ তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের খাটের তোষকের নিচ থেকে ২টি দেশীয় ছোরা উদ্ধার করে জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মেহেদী আকন্দ তার অপর দুই সহযোগীসহ ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে।
এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা নং-২৬, তারিখ-২৮ মার্চ ২০২৬; জিআর নং-৮৩, ধারা ১৯(এ) অস্ত্র আইন ১৮৭৮ এবং ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর অধীনে মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মাদ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে বাদীর শনাক্তমতে বাকি ২ জন আসামীকেও গ্রেফতার করেন।