গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলে নেত্রকোণার দুর্গাপুর এলাকার সোমেশ্বরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। নদীর দুকূল ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে।
উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। পানির স্রোত অত্যন্ত তীব্র, যা পাড় সংলগ্ন কৃষিজমি ও জনপদকে হুমকির মুখে ফেলেছে। নদীর তীরবর্তী নিচু এলাকার সবজি ক্ষেত এবং আমন ধানের চারা ইতোমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে। অনেক স্থানে মৎস্য চাষীদের পুকুর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। নদীতে তীব্র স্রোত থাকায় ঝুঁকিতে রয়েছে নদী পার হওয়ার একমাত্র ভরসা সোমেশ্বরীর উপর নির্মিত কাঠের সেতু।
প্রশাসনের পক্ষ থেকে নদী তীরের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাহাড়ি ঢল অব্যাহত থাকলে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। নদী তীরের মানুষদের উঁচু স্থানে আশ্রয়ের প্রস্তুতি রাখার আহ্বান জানানো হয়েছে।