নোয়াখালীর সেনবাগ উপজেলায় লায়ন সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে একটি রোবোটিকস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রযুক্তি বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা আইসিটি অফিসার আবদুর রহিম। তিনি তাঁর বক্তব্যে বর্তমান যুগে প্রযুক্তি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও ডিজিটাল অগ্রগতির জন্য তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। কর্মশালায় অংশগ্রহণকারীদের রোবোটিকসের মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, প্রযুক্তি শিক্ষাকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তুলতে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।