নারী আসন সংরক্ষণ বিল লোকসভায় পাস না হওয়ায় বিরোধী দলগুলোর কড়া সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ১৮ এপ্রিল জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি বলেন, নারী সমতা নিশ্চিত করতে সরকারের ‘সৎ প্রচেষ্টার ভ্রূণহত্যা’ করেছে বিরোধীরা।
গত শুক্রবার ১৭ এপ্রিল ‘সংবিধান ১৩১তম সংশোধনী বিল-২০২৬’ পাসের জন্য লোকসভায় ভোটাভুটি হয়। ভোটে বিলের পক্ষে পড়ে ২৯৮টি এবং বিপক্ষে পড়ে ২৩০টি। মোট ৫২৮ ভোটের মধ্যে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় বিলটি পাস হয়নি।
ভাষণে মোদি বলেন, এই বিলের উদ্দেশ্য ছিল সংসদে ছোট-বড় সব রাজ্যের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জনসংখ্যার তারতম্য থাকলেও ক্ষমতার ন্যায্য বণ্টন করা।
তিনি অভিযোগ করে বলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও তাদের মিত্ররা এই উদ্যোগকে ব্যর্থ করেছে। একইসাথে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ডিএমকের মতো দলগুলোকেও বিল পাস না হওয়ার জন্য দায়ী করেন তিনি।
কংগ্রেসকে ‘সংস্কারবিরোধী দল’ আখ্যা দিয়ে মোদি বলেন, কংগ্রেস যখনই সংস্কারের কথা শোনে, তখনই সেটি থামানোর জন্য সব ধরনের চেষ্টা করে। তিনি আরও বলেন, কংগ্রেস এখন আঞ্চলিক দলগুলোর সাহায্যে পরজীবীর মতো বেঁচে আছে। তারা মহিলাদের পাশে দাঁড়ানোর এবং নতুন ইতিহাস লেখার সুযোগ নষ্ট করেছে।
তবে এই ব্যর্থতায় সরকারের সংগ্রাম থেমে যাবে না বলে জানান মোদি। তিনি বলেন, এই সংকল্প পূরণ করতেই হবে। লোকসভায় দুই-তৃতীয়াংশ ভোট না পেলেও নারীদের সমর্থন নিয়ে সরকার এগিয়ে যাবে।