নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃহান্নান মেম্বারের বাড়িতে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,আনুমানিক ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল হাতে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হান্নান মেম্বারের বাড়ির সামনে এসে তার নাম ধরে বিভিন্ন ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় হান্নান মেম্বার বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা বাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হুমকি ধামকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সময় বাড়িতে থাকা হান্নান মেম্বারের একমাত্র বৃদ্ধ মা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার পরপরই মোঃহান্নান মেম্বার সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়-কে মুঠোফোনে বিষয়টি অবগত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সেনবাগ থানার এসআই রসুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান,বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা সত্য।ঘটনার সময় ঘরের ভেতরে হান্নান মেম্বারের বৃদ্ধ মা ছিলেন এবং তিনি ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন। কয়েকজন দুর্বৃত্ত হান্নান মেম্বারের নাম ধরে অশালীন ভাষায় গালাগালি করে ডাকাডাকি করে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে মোঃহান্নান মেম্বার বলেন,রাত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে থানায় যেতে পারিনি। সকালে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করবো।