উত্তর প্রদেশে এক রাতের দুর্যোগ বদলে দিল বহু পরিবারের ভাগ্য। বুধবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি আর বজ্রপাতে রাজ্যজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৯০ জন। আহত হয়েছেন ৫৩ জনের বেশি।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের তথ্য বলছে, ঝড়ের তীব্রতায় ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ভেঙে পড়া, দেয়াল ধসে পড়া আর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাই বেশি ঘটেছে। এছাড়া মারা গেছে ১৪টি গবাদিপশুও।
সবচেয়ে ভয়াবহ চিত্র ধরা পড়েছে ভারোহি জেলায়। ধূলিঝড় আর প্রবল বৃষ্টিতে সেখানেই প্রাণ গেছে ১৬ জনের। ফতেহপুরে ৯ জন, বুদাউন, চানদাউলি ও শনভদ্র মিলিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মোট ৫টি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যের ত্রাণ কমিশনার জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্য পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন।
টিভি ফুটেজে দেখা যাচ্ছে, প্রবল বাতাসে উপড়ে পড়ছে গাছ আর বিলবোর্ড। ভেঙে পড়ছে রাস্তার পাশের দোকানপাট। ধুলো-ধ্বংসাবশেষের মাঝে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে-মুখে শুধুই শোক আর অনিশ্চয়তা।
প্রকৃতির এই আচমকা আঘাতে শোকের ছায়া নেমে এসেছে উত্তর প্রদেশজুড়ে।