নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
করোনাভাইরাস আর ‘গ্লোবাল হেলথ ইমারজেন্সি’ নেই- গেল মে মাসেই এমন ঘোষণা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে বিভিন্ন সাব-ভ্যারিয়েন্টের কারণে করোনার সংক্রমণ আবারও বাড়ছে বলে সতর্ক করে ডব্লিউএইচও এবার জানিয়েছে, ভাইরাসটির মিউটেশন অব্যাহত থাকবে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এর নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে। যার ফলে ‘মাঝে-মধ্যেই’ সংক্রমণ, হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে।
ডব্লিউএইচও’র সাপ্তাহিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় দেড় লাখ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগের ২৮ দিনের তুলনায় ৮০ শতাংশ বেশি।
যদিও ডব্লিউএইচও সতর্ক করেছে যে, প্রতিবেদনে উল্লেখ করা সংখ্যা আক্রান্ত এবং মৃত্যুর প্রকৃত সংখ্যাকে প্রতিফলিত করে না। কারণ মহামারির শুরুর দিকের তুলনায় দেশগুলোতে এখন করোনা পরীক্ষা এবং পর্যবেক্ষণের হার অনেক কম।
করোনার দাপট শেষ হয়ে গেলেও, ভাইরাসটির নতুন নতুন ভ্যারিয়েন্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনই একটি ভ্যারিয়েন্ট ‘কোভিড এরিস’, যা সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
নতুন এই ভ্যারিয়েন্টটির নাম ইজি.৫.১, যাকে ‘এরিস’ বলেও ডাকা হচ্ছে। এটি করোনাভাইরাসের দ্রুত সংক্রামক প্রজাতি ওমিক্রনের উপ-প্রজাতি। চলতি বছরের জুলাইতে যুক্তরাজ্যে প্রথম এর হদিস মেলে।
শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৬৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।