নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, নান্নু (৪১), কাজী ফয়সাল (৩৫) ও বশির মোল্লা (৪৪)। এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে মিরপুরের লাভ রোড থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবির মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
ডিবি সূত্র জানা যায়, মিরপুরের লাভ রোডের মাথায় বট গাছের নিচে ৬ থেকে ৭ জন দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালায় ডিবির মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিবিকে জানিয়েছে, গ্রেফতারকৃতরা মিরপুর, দারুসসালাম ও গাবতলি এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।