মুন্সীগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ //
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে জোর করে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ব্লকেড দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। ৩০ মিনিটের আন্দোলনে টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার যানজট দেখা দেয়। পরে প্রশাসনের আশ্বাসে ব্লকেড তুলে নেন শিক্ষার্থীরা।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীনগর থানা থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুলকে নিয়ে যান বিএনপির দুই শতাধিক নেতাকর্মী। এ সময় পুলিশ সদস্যদের মারধর করা হয়। এ ঘটনায় গতকাল ৩১ জনের নামে ও অজ্ঞাতপরিচয়ে অন্তত ২০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক। দায়িত্বে অবহেলার কারণে থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, ছিনিয়ে নেওয়া তরিকুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি কাইয়ুম উদ্দিনকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, তরিকুলকে গ্রেপ্তারের খবরে শুক্রবার রাত ৯টার দিকে থানায় আসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। তিনি তরিকুলকে ছেড়ে দিতে ওসি কাইয়ূম উদ্দিন চৌধুরীকে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ, যুবদল নেতা রবিনসহ দুই শতাধিক নেতাকর্মী এসে পুলিশকে ধাক্কা দিয়ে আসামি নিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গণ্ডগোলের মামলায় তরিকুলকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু রাত ১০টার দিকে বিএনপির নেতাকর্মী এসে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে দেন। হট্টগোলের মধ্যে তারা তরিকুলকে নিয়ে গেলেও পুলিশ টের পায়নি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান জানান, তিনি ঢাকায় দাওয়াতে ছিলেন। তবে যুবদলের এক সদস্যকে পুলিশ ধরলে তিনি থানা থেকে পালিয়েছেন বলে শুনেছেন।
এদিকে গতকাল সন্ধ্যায় উপজেলা যুবদল থেকে তরিকুলকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো অপকর্মের দায় দল নেবে না।
জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা বলেন, ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আমাদের দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। অপকর্মে জড়িতের অভিযোগ প্রমাণিত হলেই বহিষ্কার করা হবে।