বিশেষ প্রতিনিধি, এটিভি সংবাদ //
দিল্লী অভিমুখে লংমার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, ভারতের সংসদে পাশকৃত বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধ না করলে প্রয়োজনে দিল্লী অভিমুখে লংমার্চ করা হবে।
বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, সারা পৃথিবীতে আজ দু’টি জনপদ সবচেয়ে বেশী সমালোচিত। একটি গাজা ভুখন্ড-যেখানে বর্বর ইসরাইলের গণহত্যা চলছে। আরেকটি হলো ত্রিশ কোটি মুসলমানের ভারত। সেখানে কসাই মোদী সরকার ভারতকে মুসলিম শূন্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ভারতের প্রায় নয় লক্ষ একর ওয়াকফকৃত সম্পত্তিতে লোলুপ দৃষ্টি পড়েছে গুজরাটের কসাই বাহিনীর। ওয়াকফ সংশোধনী বিলের আড়ালে মূলত মুসলমানদের ভারত থেকে তাড়ানোর পাঁয়তারা করা হচ্ছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই চরম বিতর্কিত বিল বাতিলের দাবি জানাচ্ছি। সেই সাথে বিশ্বমানবতার কাছে আহ্বান জানাচ্ছি, যেভাবে গাজাবাসির পক্ষে বিশ্ব মানবতা রাজপথে নেমে এসেছে, একইভাবে ভারতের ত্রিশ কোটি মুসলিমদের পক্ষেও নেমে আসুন।
সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফয়সাল আহমাদ এর যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, মাওলানা নূর হোসাইন নূরানী, খেলাফত শ্রমিক মজলিসের সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান, খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী প্রমূখ।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নেতৃত্বে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল শুরু হয়ে শান্তিনগর মোড়ে পৌছলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল বারিধারাস্থ ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে ভারতের মুসলমানদের ওপর চলমান নিপীড়ন ও বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়:
১. ভারতের সংসদে পাস হওয়া ‘ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ অবিলম্বে বাতিল করতে হবে।
২. ভারতের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. মসজিদ, মাদরাসা ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৪. মুসলিমবিরোধী হিংসা, হত্যা এবং বৈষম্যমূলক আইনসমূহ অবিলম্বে বাতিল করতে হবে।
৫. ভারতের মুসলমানদের ওপর পরিচালিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত নিশ্চিত করতে হবে।
স্মারকলিপিতে বলা হয়, ভারতের সংখ্যালুঘু মুসলিম সম্প্রদায় এক গভীর সংকটে পতিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক অস্তিত্ব ধ্বংসের প্রচেষ্টা চলমান। এমন প্রেক্ষাপটে পাশকৃত ওয়াকফ সংশোধনী বিল মূলত মুসলমানদের ধর্মীয় অধিকার ও প্রতিষ্ঠান হরণের একটি চক্রান্তেরই অংশ।
স্মারকলিপিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ভারতের সরকার যদি এই ধর্মীয় নিপীড়ন ও মুসলিমবিরোধী নীতি থেকে সরে না আসে, তবে তা শুধু ভারতের অভ্যন্তরীণ শান্তিই নয়, উপমহাদেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ হতে পারে।
গণমিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, মাওলানা রেজাউল করীম আবরার, মাওলানা শামসুদ্দোহা আশরাফী প্রমুখ।
ডিএডি/এটিভি০৯/২৩০৪/এম