বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) আয়োজনে এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে জামালপুর জেলা স্টেডিয়ামে মানিকগঞ্জ ও নরসিংদী দলের মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার ড.চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন, ক্রিকেট আমাদের দেশের জন্য একটি বড় গর্ব ও অর্জন। তোমাদের প্রত্যেকেরই নিশ্চয় জাতীয় দলে খেলার স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নকে সামনে রেখেই তোমরা খেলাধুলায় অংশগ্রহণ করছো এবং নিজেদের প্রস্তুত করছো। খেলাধুলায় অবশ্যই স্পোর্টসম্যানশিপ বজায় রাখতে হবে এবং শিখতে হবে শৃঙ্খলা ও সহনশীলতা। খেলায় জয়-পরাজয়ের উত্তেজনা থাকবে—এটাই স্বাভাবিক।
জেলা প্রশাসক ইউসুপ আলী বলেন, আজকের দিনটি ক্রিকেট খেলার জন্য খুবই উপযোগী। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি, দুই দলের মধ্যে একটি চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবো।
তিনি আরও বলেন, ভালো খেলার চেষ্টা করতে হবে। সবাই জাতীয় দলে বা বড় বড় ক্লাবে খেলবেন। যদি নাও খেলতে পারেন জীবনের কোনো এক সময়ে আপনি বলতে পারবেন—আপনি একজন খেলোয়াড় ছিলেন। এই পরিচয়টি সবাই গর্বের সঙ্গে স্মরণ করে। এগুলো জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকবে। জামালপুর একটি অতিথিপরায়ণ জেলা এবং এখানে খেলাধুলার জন্য একটি সুন্দর পরিবেশ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উভয় দলের কোচবৃন্দ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।