পাবনার সাঁথিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ বেলাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক জীবন আহম্মেদ, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আবৃত্তি প্রশিক্ষক, কবি ও বাউলশিল্পী আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।