ভোলার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী রুবিনা আক্তার (২৮) ডেঙ্গুতে আক্রান্ত হন।
বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয় সম্পর্কে জানতে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতাল ও আরিফ মেমোরিয়াল হাসপাতালে খোঁজ নেন এই প্রতিবেদক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের ওখানে ডেঙ্গু রোগী ভর্তি নেই। এ তথ্যের সত্যতা মিলেছে বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের বুলেটিনে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে দেখা যায়, চলতি বছর ১১ হাজার ৬৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১০ হাজার ৭৫৮ জন। ৩০ রোগী মারা গেছে। ৮৫৬ রোগী চিকিৎসাধীন। চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে বরিশাল জেলায় এক হাজার ৫৯৯, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই হাজার ৯৪০, পটুয়াখালীতে এক হাজার ৩৬৪, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক হাজার ৯২, ভোলায় এক হাজার ৩১১, পিরোজপুরে এক হাজার ৮৭৯, বরগুনায় এক হাজার ১৪২ এবং ঝালকাঠিতে ৩১৮ জন। আর মৃত ৩০ জনের মধ্যে বরিশালে ২১, ভোলায় চার, বরগুনায় তিন ও পিরোজপুরের দুজন রয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের ঢাকাসহ বড় শহরে ভ্রমণের ইতিহাস ছিল। জুলাই থেকে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীরা হাসপাতালে আসছে। চলতি মাসে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মোহাম্মদ মাহমুদ হাসান বলেন, ‘ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধে এখন ব্যক্তি পর্যায়ে সুরক্ষা, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।’