শামিমুর রহমান জিসান বান্দরবান জেলা প্রতিনিধি //
বান্দরবানের আলীকদমে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণজুড়ে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি। তিনি ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার, বান্দরবান রিজিয়ন কমান্ডার এবং আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করেন মিসেস মোশফেকা মোজাম্মেল সিঁথি।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে তাদের শারীরিক দক্ষতা, শৃঙ্খলা ও দলগত চেতনার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার মোস্তাক আহমেদ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বান্দরবান রিজিয়নের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। বর্ণাঢ্য এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।