বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় এমপি বলেছেন, সমাজে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে। এ ধরনের অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (৯ মে) দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে এমন কোনো বিষয় নেই যা মানুষের নিজ নিজ বিশ্বাস ও মূল্যবোধ পালনে বাধা সৃষ্টি করে। মানুষের প্রকৃত পরিচয় তার জ্ঞান, মানবিকতা ও কর্মের মধ্যেই নিহিত।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দেশে যেন কোনো ধরনের উগ্রবাদ বা বিভেদের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ণ শীল, সাধারণ সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাস চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।